মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১

16 July 2026, 5:34:36

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এসময় তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অজ্ঞাত সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

পরে তারা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে দ্রুত জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সার্জন ডা: আনন্দ বসাক জানান, রাত সাড়ে এগারোটার দিকে দু’জনকে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। এদের মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীর মৃত ছিলেন। গুরুতর আহত হাদিস মিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজন সন্ত্রাসী এই ঘটনার সঙ্গে জড়িত। তারা মিঠামইন এলাকার নয়, এদেরকে বাইরে থেকে কেউ হায়ারে এনে এমন ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু উনি রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের প্রাথমিক পর্যালোচনায় এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মিঠামইন পুলিশ একজন অপরাধীদের আটক করেছে। বাকি দুইজন সন্দেহভাজন হিসেবে অন্য এলাকায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারি বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রিয় কমিটি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।