কুড়িগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা, সরিয়ে নেওয়া হলো দুই শিশুসহ বাবা-মাকে

18 June 2026, 5:34:48

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় ৪ দিন ধরে রাখা হয়েছিল দুই শিশু, এক নারীসহ ৯ জনকে। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে দুই শিশু, এক নারীসহ ৬ জন এবং ইজলামারী ভন্দুর চর সীমান্তে ৩ জন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার ঘটনার ৫ম দিনে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ৬ জনের মধ্যে দুই শিশু ও তাদের বাবা-মাকে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা মানবিক কারণে তাদের সরিয়ে নেওয়া হতে পারে। গতরাতে বৃষ্টির মধ্যে তাদের কোন দেশে সরিয়ে নেওয়া হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে অনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি বিজিবি। তবে বিএসএফ-এর পুশইনের চেষ্টার শিকার বাকি দুই যুবক গয়টাপাড়া সীমান্তে অবস্থান করছেন।

স্থানীয় মোস্তাক আলী জানান, গতকাল গয়টাপাড়া সীমান্তে পুশইনের শিকার ৬ জনকে দেখা গেলেও আজ বৃহস্পতিবার দুই শিশু ও তার বাবা-মাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে একই উপজেলার ভন্দুরচর সীমান্তে বিএসএফ-এর পুশইনের চেষ্টার শিকার তিন যুবক এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এদিকে সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দুর চর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা ব্যর্থ হয়। এরপর ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।