ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

16 March 2026, 3:25:32

ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। সোমবার (১৬ মার্চ) বেশি কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এটি সরাসরি আঘাত নাকি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতন, তা এখনও স্পষ্ট নয়। খবর আল-জাজিরার।

ইসরায়েলের মধ্য ও দক্ষিণজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজার পর হারেৎজ-এর খবরে বলা হয়, মধ্য ইসরায়েলে একটি ‘আঘাত’ রেকর্ড করা হয়েছে। তবে এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্য টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত ‘দুটি আঘাতের খবর পাওয়া গেছে’। সংবাদমাধ্যমটি আরো জানায়, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর নেই।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, তেল আবিবের আশেপাশের এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে।

অধিকৃত পশ্চিম তীরের আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিমের এক প্রতিবেদনে অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কৌশলগত এবং সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত তথ্যের ওপর অত্যন্ত কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ করেছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।