দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার টাকা

7 February 2026, 10:53:19

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী দামের চাপ দেখা দিয়েছে। আকাশছোঁয়া স্বর্ণমূল্যের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলেও দফায় দফায় দাম ওঠানামার মধ্যেই চলছে কেনাবেচা। এমন পরিস্থিতিতে দাম কমানোর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা না যেতেই ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি আবারও উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার টাকায়। এর আগে শুক্রবার স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। নতুন এই দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন এই দাম ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফনের প্রভাব সরাসরি দেশের বাজারেও পড়েছে। ২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে স্বর্ণের দাম বাড়ানোর ঘটনা আগে কখনো ঘটেনি।

বিশ্ববাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও দেশের স্বর্ণবাজারে দামের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।