ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার চান না ড. ইউনূস

29 August 2024, 10:43:20

ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার চান না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ২ সেপ্টেস্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে আপিলের ওপর আংশিক শুনানি শেষে এই দিন ধার্য করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলাটি দুদক ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী গত ১১ আগস্ট প্রত্যাহার করে নেয়।

আর অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে করা কোনো মামলা প্রত্যাহার করতে চান না। এটা উনি (প্রধান উপদেষ্টা) চাননা। উনি আইনসম্মত ভাবেই এটা করতে চান।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।