বন্যার্তদের পাশে দাঁড়াতে উপদেষ্টাদের নির্দেশনা ড. ইউনূসের

22 August 2024, 11:08:32

অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কেবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ড. ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন।’

প্রধান উপদেষ্টা বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজ খবর রাখছেন উল্লেখ করে প্রেস সচিব জানান, দশ জেলা বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে ৩৬ লাখ মানুষ বন্যা-কবলিত হয়েছে। দূর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরির্দশন করবেন বলে তিনি উল্লেখ করেন।

আবহাওয়া অধিদপ্তরকে উদ্বৃত করে শফিকুল আলম জানান, দীর্ঘসময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খালবিল শুকিয়ে যাওয়া।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।