শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করা এক অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্বকে গভীরভাবে মূল্যায়ন করে সংস্থাটি।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর পুনর্গঠনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রচেষ্টায় আমি আপনার সমর্থনের উপর নির্ভর করতে পারি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
