কিশোরী অপহরণ মামলায় যুবকের ফাঁসি, ভগ্নিপতির আমৃত্যু কারাদণ্ড

13 August 2023, 5:51:02

কিশোরী অপহরণ মামলার রায়ে শ্যালকের ফাঁসি ও দুলাভাইয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

আদেশে শ্যালক সুমন আলী (২৬) দোষী প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং তার ভগ্নিপতি রফিকুল ইসলামকে (৪৩) আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা অপহরণের শিকার কিশোরীকে দিতে বলা হয়েছে। মামলায় অভিযুক্ত অপর চারজনের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন আলী জেলার লালপুর উপজেলার পোকন্দা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার ভগ্নিপতি রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের আফসার আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, লালপুর উপজেলার কিশোরীকে (১৫) ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি থেকে একটি মাইক্রোবাসে অপহরণ করে সিরাজগঞ্জে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। অনেক দেনদরবার করার পরও মেয়ে এবং টাকা-গহনা ফেরত না দেওয়ায় লালপুর থানায় দণ্ডপ্রাপ্ত দুজনসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনের নামে অপহরণ মামলা দায়ের করেন।

সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায়ের সময় মামলার ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম নোমান বলেছেন, আসামিরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।