বুধবার আরও ২২ হাজার ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী, গৃহহীন মুক্ত হবে ২১ জেলা

8 August 2023, 11:08:20

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বুধবার ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারে মাঝে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরমধ্যে দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে। এ নিয়ে গৃহ ও ভূমিহীন মুক্ত জেলার সংখ্যা হবে ২১টি।

বুধবার সকালে সাড়ে দশটায় সরকারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লি আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পে আরও ২২ হাজার ১০১ পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়ার মধ্যে দিয়ে ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন তিনি।

আশ্রয়ণ প্রকল্প উদ্ধোধন করার পরে সুবিধাগ্রহীতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ৩৩৪টি উপজেলার ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা হবে ২১টি। এছাড়া আরও ৪১টি জেলার ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হবে।

পাবনা সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুজানগর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনরা দুই দশমিক দুই শতাংশ জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের টিনশেড আধা-পাকা পাচ্ছেন। ২৪৫টি পরিবার এ ঘর পাবেন। যারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন তারা ছিল ছিন্নমূল মানুষের মতো, রাস্তারধারে বা অন্যের ঘরে থাকতেন। তাদেরকে প্রধানমন্ত্রী দুই দশমিক দুই শতাংশ জমিতে টিনশেড আধা-পাকাঘর করে দিয়েছেন। এই ঘর পাওয়ার পরে তারা ভূমিহীন গৃহহীন থাকবে না। এ নিয়ে তাঁদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

তিনি বলেন, ঘরগুলো করা হয়েছে রাস্তাঘাট ও বাজারের কাছাকাছি যাতে তারা সহজে যাতায়াত করতে পারেন। এসব মানুষের জীবন মান উন্নয়ন করতে কর্মমুখী করার জন্যও কাজ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পে যেসকল পরিবার ঘর পাচ্ছেন তাদের ছেলের মেয়েদের শিক্ষার ব্যবস্তও করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) নোয়াখালীর ৪টি উপজেলার ৪১৮ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমে মুজিববর্ষ থেকে এ র্পযন্ত ২ লাখ ৩৮ হাজার ৮৫১ পরিবার পেয়েছে ঘর। বুধবার আরও ২২ হাজার ১০১ পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমির দলিল তুলে দেবেন।

প্রকল্পের তথ্য মতে জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায় এবং ২০২৩ সালের ২২ মার্চ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন, ২০২১-এ দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষের সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। নতুন করে ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মধ্য দিয়ে, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সুবিধাভোগীর মোট সংখ্যা দাঁড়াবে ২,৩৮,৮৫১।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।