গাজীপুরে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

14 October 2022, 12:22:55

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন। নিহতের নাম।

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু (২৬) নামে ওই ব্যক্তি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জনকে আমাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’

এছাড়া আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে বলে জানান ডা. এস এম আইউব হোসেন।

দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যায় একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান। সিলিন্ডারে গ্যাস ভরা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ড ভ্যানের পাশে থাকা চালক ও দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হন।আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সন্ধ্যা ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

এ ঘটনায় দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। এদের মধ্যে মিঠু আজ সকালে মারা যান।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।