মায়ের কোলে বসে বাবার শেষকৃত্য

7 September 2022, 11:02:40

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের শলেয়াশাহ এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে একজন ধনঞ্জয় সেন বিনোদ। মায়ের কোলে বসে বাবা ধনঞ্জয় সেন বিনোদের শেষকৃত্য করল শিশু পার্থ সেন (৫)।

ধনঞ্জয় সেন বিনোদের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্রামে। পেশায় তিনি সৈয়দপুরের তৃপ্তি পরিবহণের সহকারী ছিলেন। ঘটনার সময় তিনি ইসলাম পরিবহণের যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।

ধনঞ্জয় সেন বিনোদের মৃত্যুতে ওই পরিবারের নেমে এসেছে এক অনিশ্চিত জীবন। কারণ একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে তিনিই ছিলেন ভরসার জায়গায়। ধনঞ্জয় সেন বিনোদের এক ছেলে পার্থ সেন (৫), এক মেয়ে রিংকিং সেন (৮) আর স্ত্রী কৃষ্ণা রানী সেন ও মা রঞ্জনা সেনকে নিয়ে ছিল তার পরিবার।

সাদা কাপড় পরিধান ও মাথা ন্যাড়া করে নিহত বাবার লাশের সৎকার করল শিশু পার্থ সেন মায়ের কোলেই বসেই। এ দৃশ্য দেখে অনেকেই শোকাতুর হয়ে পড়েন।

স্ত্রী কৃষ্ণা রানী সেন এই প্রতিবেদনকে বলেন, স্বামীর আয়ের ওপরই আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল। এখন অনিশ্চিত জীবন সামনে পড়ে আছে। দুই শিশু ছেলেমেয়ে আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে কিভাবে বেঁচে থাকব তা ভগবানই জানেন।

উল্লেখ্য, রোববার সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের শলেয়াশাহ এলাকায় খারুভাজ সেতুতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহণের সঙ্গে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং রমেক হাসপাতালে চারজন মারা যান। এতে আহত হন আরও অর্ধশতাধিক।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।