সংকট কাটিয়ে উঠতে সরকারের চেষ্টার ত্রুটি নেই: কাদের
‘সারা বিশ্বে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কাদের বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম নেই। তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। কীভাবে দেশের মানুষের একটু স্বস্তি দেওয়া যায়, সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।’‘এ সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের বিরোধী দল সরকার উৎখাতে বিক্ষোভে নামেনি। যুক্তরাষ্ট্রে বিরোধী দল সরকার উৎখাতের বিক্ষোভ করেনি। জার্মানি-জাপানেও কোনো প্রটেস্ট (প্রতিবাদ) হয়নি। অথচ বাংলাদেশে তারা (বিরোধী দল) সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার। এ সময় আরওবক্তৃতা করেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি শামসুর নাহার ভুইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
