তীব্র তাপদাহে পুড়ছে ফসলি জমি, জনজীবন বিপর্যস্ত
কৃষকের সারা বছরের খোরাক জোগায় আমন ধান। তাই মনোযোগ সহকারে কৃষকেরা আমন ধান রোপন এবং এর পরিচর্যা করে থাকে। যথাসময়ে বীজতলা সৃষ্টি করে ধান রোপন করতে সক্ষম হয়। কিন্তু আষাঢ় মাস পেরিয়ে গেলেও আল্লাহর রহমতের কাক্ষিত বৃষ্টি না হওয়ায় ধান রোপন নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকগণ। সারা উত্তরাঞ্চলে যখন তীব্র তাপদাহে অস্থির রয়েছে সবাই। তখন চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা এর ব্যতিক্রম নয়।
সরজমিনে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী, বিশুক্ষেত্র, নওদা মিশন, পূনর চাঁদপুর, রতনপুর, আসানপুর, ভাগলপুর, নবগ্ৰাম ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে কৃষকের হাহাকার। পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। বীজতলা শুকিয়ে গেছে। বৃষ্টির পানির অভাবে কৃষক গণ কোন না কোন উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। কেওবা পাশ্ববর্তী নালা-খাঁড়ি, কিংবা পুকুরের পানি দিয়ে সেচ কার্য সম্পাদন করার চেষ্টা করছেন। কেওবা জমির পাশে থাকা গভীর নলকূপের পানি থেকে জমি চাষাবাদের ব্যবস্থা করতে চাচ্ছেন। কিন্তু বর্তমান সময়ে বিদ্যুৎ এর ভয়াবহ লোডসিডিংয়ের কারণে ঠিকমত গভীর নলকূপের পানি সরবরাহ হচ্ছে না। তাই কোন কোন জায়গায় কৃষকগণ মাথায় হাত দিয়ে বসে আছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলায় ১৬ হাজার হেক্টরের বেশী জমিতে আমন ধান চাষাবাদের লক্ষমাত্রা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৯০০ হেক্টর জমিতে ধান রোপন করা সম্ভব হয়েছে।
এদিকে তীব্র তাপদাহের কারণে জনজীবনে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। একেতো বৃষ্টি নেয়। তার উপরে কড়া রোদ্র এবং অতিরিক্ত গরমে জনজীবনে নাভিস্বাস উঠেছে। প্রচন্ড গরমে একটু খানি শান্তির পরস পেতে মানুষ জন গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। ঠিকমত বিদ্যুৎ সরবাহ না থাকায় অতিরিক্ত গরমের কারণে বাড়িতে টিকা সম্ভব হচ্ছে না। প্রচন্ড গরমের কারণে মানুষের ভরসা হচ্ছে এখন আখের রস, ঘোল, ডাবের পানি ও লেবু পানি। রাস্তায়-রাস্তায় এসব পণ্য কিনতে বা ক্ষেতে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগে ডাবের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড গরমের কারণে মানুষজন ডায়ারিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ভ্যানচালক, মাটিকাটা শ্রমিক কিংবা যে কোন শ্রেণীর লেবারেরা কাজের ফাঁকে ঠান্ডা পানিতে মাথা ভিজিয়ে কিংবা শরীর মুছে একটু প্রশান্তি পেতে চাইছে।
ভাগোলপুর গ্ৰামের কৃষক আব্দুল মান্নান বলেন, আমি নিজের জমিসহ পরের জমি বর্গা নিয়ে প্রায় ১০ বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করি। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুই বিঘা জমিতে কোনো রকমে ধান রোপন করতে সক্ষম হয়েছি।এখন বৃষ্টি না হলে বাকি জমিতে কিভাবে ধান রোপন করবো তা নিয়ে চিন্তায় আছি। নয়াদিয়াড়ি গ্ৰামের কৃষক মামুনুর রশিদ জানান ,তাঁর তিন বিঘা জমিতে এখন পর্যন্ত ধান রোপন করা সম্ভব হয়নি। রয়েছি আল্লাহর রহমতের বৃষ্টির অপেক্ষায়।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, উত্তরাঞ্চলে গরমের পরিমাণ একটু বেড়ে গেছে। এর ফলে দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ায় এখন চাষাবাদে কৃষকদের সমস্যা হচ্ছে। জমিতে এখনও তেমন আমন চাষাবাদ হয়নি। এ সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলে আমন চাষাবাদ পুরোদমে শুরু হবে। তবে গতবছরের তুলনায় এবার আমন চাষাবাদের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
