ঈদের দিন ও পরের দুদিন ঝড়-বৃষ্টির আভাস
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ঈদের দিনসহ পরের দুদিন সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকাটাইমসকে এ তথ্য জানান।
শাহীনুল ইসলাম বলেন, ঈদের দিন যেকোনো সময় সারাদেশে বৃষ্টি হতে পারে। সকাল থেকেও হতে পারে আবার রাত থেকেও হতে পারে। শুধু সোমবার নয়, আগামী ৩, ৪ এবং ৫ তারিখ এই তিন দিনই দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
