রংপুর থেকে হঠাৎ বন্ধ দূরপাল্লার বাস, যাত্রীদের দুর্ভোগ
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৫টা) রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস । তবে চলাচল করতে দেখা গেছে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহ্ আলী পরিবহনের কিছু কিছু বাস। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই এসব পরিবহনের শ্রমিকদের।
সরেজমিনে দেখা গেছে, কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে অলস সময় কাটাচ্ছেন চালক ও শ্রমিকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা।
হানিফ পরিবহনের রিপন, শ্যামলী পরিবহনের মিঠুসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, বেতন-ভাতা বৃদ্ধি, সড়কে পুলিশি হয়রানি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে তারা ভোর থেকে কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে ঢাকায় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠকে বসার কথা রয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।
হঠাৎ এমন কর্মবিরতি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে বলে অভিযোগ করেন এসআর পরিবহনের কাউন্টার থেকে অগ্রিম টিকিট কেটে রাখা মারুফ হোসেন। তিনি বলেন, পরিবার নিয়ে ঢাকায় যেতে সোমবার রাতে টিকিট কেটেছি। কিন্তু সকালে কোচস্ট্যান্ডে এসে শুনছি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন হঠাৎ করে অন্য পরিবহনে যাওয়াটা তো কষ্টকর হবে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান কর্মবিরতীর বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, মটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো কর্মবিরতির ডাক দেওয়া হয়নি। মূলত মালিকপক্ষের নির্দেশে একটি পক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। আমরা চাই না রমজান মাসে পরিবহনের জন্য মানুষের কষ্ট হোক। তবে এভাবে বার বার কারা অঘোষিত কর্মসূচি দেয়, তাদের খুঁজে বের করার দাবি জানান এই শ্রমিক নেতা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
