সন্ত্রাসী হামলায় নিহত টিপুর জানাজায় মেয়র তাপস

25 March 2022, 5:34:02

দুর্বত্তদের গুলিতে নিহত বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার দুপুর আড়াইটায় মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে এ জনাজা হয়। জানাজা শেষে মেয়র তাপস মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত জাহিদুল ইসলাম টিপুর শাহজাহানপুর ঝিলবাগিচা এলাকার বাসায় যান এবং মরহুমের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, পুত্র-কন্যাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং তাদের প্রতি সহানুভূতি জানান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এ সময় পাশ দিয়ে যাওয়া রিকশারোহী সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।