তেলজাতীয় শস্যের উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
সরিষাসহ তেলজাতীয় শস্যের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রয়োজনে তেলবীজ উৎপাদনে আরও গবেষণা করতে হবে। এজন্য কৃষকদের উৎসাহ দিতে হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধামন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
দেশে তেলবীজ উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় বাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। সেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারাদেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
