একনেকে উঠছে রেলওয়ের ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ প্রকল্প

22 March 2022, 11:45:10

রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কেনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৩৩ লাখ টাকা।

আজ সকাল সাড়ে ১০টায় একনেক বৈঠক শুরু হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি আজকের একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৭০৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩৭৩ কোটি ১৩ লাখ টাকা এবং ইআইবি থেকে ১ হাজার ৩৩১ কোটি ১৯ লাখ টাকা পাওয়া যাবে।

একনেকে অনুমোদন পেলে ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেলওয়ের সমগ্র ব্রডগেজ এবং ডুয়েলগেজ সেকশনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০২১ সালের অক্টোবর থেকে জুন ২০২৫ সালে এটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে হয়েছে, যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়ার পাশাপাশি যাত্রী চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন রুটে রেল পরিচালনা, পুরোনো যাত্রী ক্যারেজগুলো প্রতিস্থাপন এবং বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা।

এই প্রকল্পের আওতায় ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ ক্রয়, ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজের ক্যাপিটাল ও মেইন্টেন্যান্স স্পেয়ার্স সংগ্রহ, ৪ সেট ডেস্কটপ কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি ফটোকপিয়ার এবং ২৪টি বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্রয়সহ আনুষঙ্গিক কাজ করা হবে।

এ বিষয়ে ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ গণমাধ্যমকে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ এবং ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজের সংখ্যা বৃদ্ধি পাবে। এতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণের জন্য নতুন রেল পরিচালনার মাধ্যমে যাত্রীদের আধুনিক, নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।