১১টি জেব্রা মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমানকে দায়ী করে থানায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি করেন।
জেব্রা মৃত্যুর ঘটনায় এর আগে গত ২৬ জানুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।
এর দুইদিন পর গত ২২ ফেব্রুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাণী মৃত্যুর ঘটনায় দায়ীদের ফৌজদারি মামলাসহ প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় মামলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত নেওয়ার পনের দিন পর এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সাফারি পার্কে একে একে ১১টি জেব্রার মৃত্যু হয়। এতে এক কোটি ১০ লাখ টাকার ক্ষতিসহ বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। মামলার বিবরণে আরো বলা হয়, সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জেব্রা মৃত্যুর ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করেননি। শুধু তাই নয়, জরুরি ভাবে মেডিক্যাল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেননি। মৃত জেব্রাগুলোর মধ্যে তিনটির পেট কাটা এবং নাড়িভুড়ি বেরিয়ে থাকতে দেখা গেছে। মৃত জেব্রা তিনটির পেট কাটা ও নাড়িভুড়ি বেরিয়ে থাকার বিষয়ে তদন্ত কমিটির কাছে দেওয়া মো. তবিবুর রহমানের দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য হয়নি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া কালের কণ্ঠকে জানান, আজ রাত ১০টার দিকে মামলাটি হয়েছে। মামলায় একমাত্র আসামি পার্কটির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান।
এক মাসের ব্যবধানে একে একে জেব্রা ও একটি করে বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় গত ৩১ জানুয়ারি সাফারি পার্কের তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
