বিএনপিকে দুর্বার প্রতিরোধ করার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

9 March 2022, 12:11:08

বিএনপি যদি তথাকথিত আন্দোলনের নামে এদেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করে তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবসহ দলটির নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন কাদের।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দ চিরাচরিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। নির্বাচন কমিশন নিয়ে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের পর তারা এখন অতীতের মতো নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছে।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন! অথচ বিএনপি’ই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপি বার বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

কাদের বলেন, বিএনপি নেতারা এখন তত্ত্বাবধায়কের কথা বলছে অথচ বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আয়োজন করেছিল। তখন বিরোধী দল ও দেশের সর্বস্তরের মানুষ ওই নির্বাচন বর্জন করে। তারপরও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি ফারুক-রশিদদের দল ফ্রিডম পার্টিকে নিয়ে নির্বাচন করেছিল। ১৫০ জন নিরীহ দেশবাসীকে হত্যা করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর খুনি ফারুককে বিরোধীদলীয় নেতা বানিয়ে সরকার গঠন করেছিল। কিন্তু গণআন্দোলনের মুখে কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিল খালেদা জিয়ার সেই সরকার।

তখন ক্ষমতা ছাড়ার পূর্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিয়ে সংসদে মধ্যরাতে একক অধিবেশনে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়কব্যবস্থা সংযোজন করে বিএনপি। আওয়ামী লীগসহ অন্যান্য বিরোধী দলের উপস্থাপিত তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা থেকে যায় উপেক্ষিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রথম তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসতে না বসতেই বিএনপি তাদের দলীয় রাষ্ট্রপতি রাজাকার আবদুর রহমান বিশ্বাসকে দিয়ে সেনাবাহিনীতে বিরোধ সৃষ্টি করে এবং দেশে সামরিক ক্যু ও পাল্টা ক্যু ঘটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে। একইসঙ্গে তারা তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়ে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলে বিএনপি বার বার নানা ধরনের চতুরতা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আর বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বার বার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে। এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়া কান্না করে।

বিএনপি নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, দেশের পবিত্র সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেছেন। দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পবিত্র সংবিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে যে, জনগণের নির্বাচিত প্রতিনিধি ব্যতীত সংবিধান অনুযায়ী আর কেউ দেশ শাসনের যোগ্য নয়, তাই অনির্বাচিত গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় না।

কাদের বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পবিত্র সংবিধান হলো দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ। সংবিধান অনুযায়ীই এ দেশের সব নির্বাচন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধানসম্মতভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হবে এবং যথা সময়েই আগামী স্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

এই আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি যদি তথাকথিত আন্দোলনের নামে এদেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আবারও ২০১৩-১৪-১৫ ও ২০১৮ সালের মতো অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করতে চায়, তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।