রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির চূড়ান্ত তালিকা যাবে ২৪ ফেব্রুয়ারি

22 February 2022, 10:16:59

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চূড়ান্ত এ ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সার্চ কমিটির সর্বশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে নামগুলো হস্তান্তর করা হবে। তালিকাটি সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের হেফাজতে রয়েছে।

নাম পাঠানো হয়ে গেলে সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা যায়।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকটি শেষ হয় রাত ৮টা ২০ মিনিটে। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে সাড়ে ৫টার দিকে পুনরায় বৈঠকটি শুরু হয়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।