শুদ্ধচর্চার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

21 February 2022, 5:12:15

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। এই ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে।আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার উপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরো এগিয়ে নেয়া সম্ভব। প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।সূত্র-বাসস।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।