ছাত্রলীগকে শিক্ষার্থীদের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান

31 January 2022, 11:20:46

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বহু প্রত্যাশিত হল সম্মেলন দীর্ঘ পাঁচ বছর পরে নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে করে খরা কেটে গিয়ে উর্বরতা পেতে শুরু করেছে হলগুলোতে থাকা ছাত্রলীগের নতুন নেতৃত্ব।

রবিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে হল সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এর পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীদের গান ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন। সঞ্চালক ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনক জাহান রাইন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

হল সম্মেলনে বক্তারা ১৮টি হলের নতুন নেতৃত্বকে অগ্রীম স্বাগত জানিয়ে ছাত্রলীগের চেতনা, বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। ছাত্ররাজনীতি করার পাশাপাশি পড়াশোনা ঠিক রেখে ‘মেধাবী ব্যক্তি’ হিসেবে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, আমি এখনো পড়াশোনা করি, সাদ্দাম পড়াশোনা করে, জয় ভাই, লেখক দা’ও পড়াশোনা করে৷ আপনারা পড়াশোনা করেন এবং সামনেও করবেন, তাহলেই যোগ্য নেতা হয়ে উঠবেন। প্রত্যেকের মা-বাবার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে লালন করে পড়াশোনার মাঝে ছাত্র রাজনীতি করবেন। মা-বাবার স্বপ্ন ভঙ্গ করা যাবে না।

এদিকে প্রধান বক্তার বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, আজকের সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নতুন নেতৃত্ব আসবে। এই নেতৃত্বের মাধ্যমে মৌলবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আজকের এই সম্মেলন থেকে আমরা বঙ্গবন্ধুর ত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার শিক্ষা গ্রহণ করতে চাই। তিনি ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছেন। এই দীর্ঘ পথচলায় তার যে ত্যাগ, ছাত্রলীগের নেতারা যাতে সেখান থেকে শিক্ষা নেন।

সাদ্দাম বলেন, সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন পূরণে আগামীতে গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবে বাংলাদেশ ছাত্রলীগ। আগামীতে গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের সিইও হবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকায় মেট্রোরেল প্রতিষ্ঠিত হলে ঢাকা একটি গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্য দিয়ে আজ থেকে ১০‌ বছর আগে যারা বিদেশে গেছেন তারা এদেশ দেখার পর বলবেন কোথায় এলাম। এটা কি সিঙ্গাপুর, না ব্যাংকক, না দুবাই?

নানক বলেন, করোনার কারণে সারা বিশ্ব ক্ষতবিক্ষত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার থেকে রেহাই পায়নি। কিন্তু বাংলাদেশ সেই করোনা মোকাবেলা করে মাথাপিছু আয় ঠিক রেখেছে। আমাদের প্রবৃদ্ধি আমরা রক্ষা করেছি। যেই মানুষটি রাস্তায় ঘুমাতো তার ঠিকানা করে দিয়েছেন শেখ হাসিনা।

দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের নতুন নেতৃত্বের বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে যোগ্যদের নেতা বানানোর কোনো বিকল্প নেই। আমরা হলে হলে কর্মীসভার মাধ্যমে ছাত্রলীগের প্রাণসঞ্চার দেখেছি। আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা যোগ্য, ত্যাগী ও আদর্শিক কর্মীকে নেতা বানাবো।

ছাত্রলীগের সভাপতি বলেন, এদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আর বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সম্মেলনে ছাত্রলীগের পতাকাতলে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই ভবিষ্যতের রাজনীতিবিদ। আপনারাই আগামীতে ছাত্রলীগকে নেতৃত্ব দেবেন। আপনারাই ভবিষ্যতের কাণ্ডারি। তবে সম্মেলন এলে যেমন নতুন নেতৃত্ব হয়, একইসঙ্গে অনেকের মনঃক্ষুণ্ন হয়। যারা হল কমিটিতে পদ পাবেন না, তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করা হবে।

ছাত্রলীগের হল সম্মেলনে ১৮টি হলের পদপ্রার্থীসহ বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ১৮টি হলের মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।