বাসায় ফিরতে বাধা নেই কাদেরের

19 December 2021, 5:02:24

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় রোববার দুপুরে বৈঠক শেষে বিএসএমএমইউর গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড জানায়, তিনি এখন পুরোপুরি সুস্থ। চাইলে যেকোনো সময় হাসপাতাল ছাড়তে পারেন তিনি। বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘বিভিন্ন টেস্টের রিপোর্ট আমাদের হাতে এসেছে। এই মুহূর্তে তার আর কোনো শারীরিক জটিলতা নেই। তিনি চাইলে যেকোনো সময় বাসায় ফিরে যেতে পারবেন।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কখন বাসায় ফিরবেন, জানতে চাইলে বিএসএমএমইউর বক্ষব্যাধি বিভাগের এই চেয়ারম্যান বলেন, ‘তিনি তার ইচ্ছেমতো যেতে পারেন, কিংবা তার দলীয় সিদ্ধান্তের বিষয়। আমাদের দিক থেকে আমরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছি।’

এদিকে বেলা ১১টার দিকে অধ্যাপক মোহাম্মদ আতিকুর জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন। পরীক্ষা-নিরীক্ষা একটি চলমান প্রক্রিয়া। ওনার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এসেছে; রিপোর্ট ভালো এসেছে। ‘তিনি রুটিনমাফিক খাওয়া-দাওয়া করছেন। হাসপাতালের কেবিনের মধ্যে একটু চলাফেরা করছেন। বুকে ব্যথা, কিডনি সমস্যা, ডায়াবেটিস অনেকটাই নরমাল। ঠান্ডাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেটা ভালো।’ এর আগে ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত মঙ্গলবার সকালে বিএসএমএমইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে তার চিকিৎসা চলছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।