আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (২৭ অক্টোবর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রদানে আব্দুল বাসেত মজুমদারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বাসেত মজুমদারের মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ আইনজীবীকে হারালো। রাষ্ট্রপ্রধান তার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মারা যান প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। ৮৩ বছর বয়সী বাসেত মজুমদার মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
