বুমবুম আফ্রিদির রাওয়ালকোট জিতলো কেপিএল শিরোপা

18 August 2021, 12:50:32

কাশ্মির প্রিমিয়ার লিগের (কেপিএল) শিরোপা জিতেছে বুমবুম আফ্রিদির রাওয়ালকোট হকস। মঙ্গলবার রাতে মুজাফফরাবাদ টাইগার্সকে সাত রানে পরাজিত কর রাওয়ালকোট হকস।

১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুজাফফরাবাদ সাত উইকেটে ১৬২ রানে আটকে যায়। অবশ্য জিশান আলাফের ব্যাটে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। মাত্র ২৬ বলে ৪৬ রান করেন এ ব্যাটসম্যান । এছাড়া মুহাম্মদ হাফিজ ২৯, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র ২২ এবং সোহেল তানভীর ২১ রান করেন। হকসের হয়ে আসিফ আফ্রিদি ও হুসাইন তালাত তিনটি করে উইকেট লাভ করেন। অধিনায়ক শহীদ আফ্রিদিও দুই খেলোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

এর আগে রাওয়ালকোটের ইনিংস থামে ১৭০ রানে। কাশিফ আলি সর্বোচ্চ ২৮ বলে ৫৪ রান করেন। পাঁচটি চার ও তিনটি ছক্কার মার ছিলো তার ইনিংসে। এছাড়া বিসমিল্লাহ খান ৩০, সাহেবজাদা ফারহান ২৮ এবং উমায়ের আমিন করেন ২৩ রান। টাইগারদের হয়ে মুহাম্মদ হাফিজ এবং উসামা মীর দুটি করে উইকেট দখল করেন।

মোহাম্মদ হাফিজের নেতৃত্বে মুজাফফরাবাদ টাইগার্স স্কোয়াডে ছিলেন জীশান আশরাফ, সোহেব মাকসুদ, সোহেল আখতার, ইনজামাম উল হক, আনোয়ার আলী, সোহেল তানভীর, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, উসমান আরশাদ এবং আরশাদ ইকবাল।

অন্যদিকে রাওয়ালকোট হকসে শহিদ আফিদ্রির নেতৃত্বে খেলেছেন উমায়ের আমিন, বিসমিল্লাহ খান, সাহেবজাদা ফারহান, কাশিফ আলী, দানিশ আজিজ, হুসাইন তালাত, শহীদ আফ্রিদি (প), ইমরান রন্ধাওয়া, আসিফ আফ্রিদি, জামান খান এবং মুহাম্মদ ইরফান জুনিয়র।

মুজাফফরাবাদ স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাওয়ালকোট হকসের কাশিফ আলি।

আজাদ কাশ্মিরে এই টুর্নামেন্ট আয়োজনকে ভালো চোখে দেখেনি ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তারা এই টুর্নামেন্টটি বন্ধ করে দিতে সর্বাত্মক চেষ্টা চালায়। বিদেশি ক্রিকেটারদের হুমকি দেয়া হয় যাতে তারা এই টুর্নামেন্টে অংশ না নেয়। বলা হয়, যে কাশ্মির প্রিমিয়ার লিগে অংশ নেবে তাকে ভারতের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে নিষিদ্ধ করা হবে।

আইসিসির স্মরণাপন্নও হয়েছিলো ভারত। আইসিসি জানিয়ে দেয় এ ব্যাপারে তাদের কিছুই করার নেই। শেষ পর্যন্ত মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।