বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ

12 April 2026, 6:01:43

সময় সবসময় নিজের নিয়মেই অতিবাহিত হয়। কখনো দ্রুত, কখনো ধীর। আর সেই সময়ের হিসাব যখন ভিন্ন ভিন্ন ক্যালেন্ডারের ওপর দাঁড়িয়ে, তখনই তৈরি হয় বিস্ময়কর কিছু ঘটনা। ২০৩৯ সালে এমনই এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্ব। সে বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরের মধ্যেই তিনটি ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

তিনি বলেন, শুনতে অবাক লাগলেও, এর পেছনে রয়েছে পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইসলামি হিজরি বর্ষ নির্ভর করে চাঁদের গতির ওপর, যার দৈর্ঘ্য সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যভিত্তিক, যার বছর ৩৬৫ বা ৩৬৬ দিনের। এই প্রায় ১০-১১ দিনের ব্যবধানের কারণেই প্রতি বছর ইসলামি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় এগিয়ে আসে। ফলে ধীরে ধীরে এমন সময় আসে, যখন একই গ্রেগরিয়ান বছরের মধ্যে কিছু ইসলামি উৎসব একাধিকবার পড়তে পারে।

ড. আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা পালিত হবে। ওই বছরের ৬ জানুয়ারি (১০ জিলহজ ১৪৬০ হিজরি) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঈদুল আজহা উদযাপিত হবে। এরপর প্রায় এক বছর পর আবারও হিজরি বর্ষ পূর্ণচক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে দ্বিতীয়বারের মতো হজ অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর (১০ জিলহজ ১৪৬১ হিজরি) পালিত হবে আরেকটি ঈদুল আজহা। অর্থাৎ, একই বছরে দুইবার হজ এবং দুইবার কোরবানির ঈদ। একই সঙ্গে দুটি হজ মৌসুমের আগেই পৃথকভাবে আরাফার দিনও পালিত হবে, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে পালিত হবে ঈদুল ফিতর। সম্ভাব্য হিসাব অনুযায়ী, এটি হতে পারে ২০৩৯ সালের ১৯ অক্টোবরে। ফলে একটি বছরে দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর, অর্থাৎ মোট তিনটি ঈদ পালনের বিরল সুযোগ আসবে।

এদিকে, চান্দ্র ক্যালেন্ডারের এই স্থানান্তরের প্রভাব পবিত্র রমজান মাসেও একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরের মধ্যে মুসলমানরা দুইবার রমজান মাস পালন করবেন, একবার জানুয়ারিতে এবং আবার ডিসেম্বর মাসে। এটি একেবারেই নতুন নয়। এর আগে ১৯৯৭ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পড়েছিল। অর্থাৎ ৩৩ বছর পর আবারও এক বছরে দুইবার রমজান পালন করবেন মুসলমানরা।

এই পুরো ঘটনাটি শুনতে যতটা অবিশ্বাস্য লাগে, বাস্তবে এটি ক্যালেন্ডারের স্বাভাবিক গাণিতিক ফলাফল। চাঁদ আর সূর্যের ভিন্ন গতির এই ব্যবধানের কারণেই সময় এমন অভিনব চমক দেখায়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।