Friday 30 October, 2026

For Advertisement

বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার

29 October, 2026 5:14:16

বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গোলাম পরওয়ার। ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লগি-বইঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে’ জামায়াতে ইসলামী এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সমাবেশে গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা তুলে ধরে বলেন, সেদিন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কেন ২৮ অক্টোবরের নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছিল এবং কেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, পল্টন হত্যাকাণ্ডের মামলার নথি অনুসন্ধান করে তা পুনরুজ্জীবিত করতে হবে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে মামলাটি প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময়ে মামলার নথি সংগ্রহ করতে গিয়ে তাঁরা সেগুলো খুঁজে পাননি বলেও দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমসহ অন্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore