Wednesday 29 April, 2026

For Advertisement

তারেক রহমানের সংবর্ধনায় নেতাকর্মীদের জন্য ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

22 December, 2025 11:35:36

বাংলাদেশ রেলওয়ে বিএনপির জন্য ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন বরাদ্দ দিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান তার পোস্টে বলেন, বাংলাদেশ রেলওয়েতে লোকমোটিভ ও কোচের তীব্র সংকট রয়েছে। এতদসত্বেও লন্ডন থেকে আগত তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভায় জনসাধারণের যোগদানের সুবিধার্থে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জানুয়ারি তাদের চাওয়া ১১টি ট্রেনের মধ্যে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে।

উপদেষ্টা জানান, এছাড়া ৮টি ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। তবে এর ফলে দেশের ২টি অপ্রধান লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের এ বিষয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া স্পেশাল ট্রেনের কারণে নিয়মিত যাত্রীদেরও কিছুটা অসুবিধা হতে পারে। গণতন্ত্রের অভিযাত্রাকে সুগম করার জন্য যাত্রীদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ রইল।

এদিকে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বিশেষ এই কার্যক্রমের কারণে ওইদিন স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত থাকবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।

এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore