Wednesday 28 October, 2026

For Advertisement

লক্ষ্য অর্জন পর্যন্ত আন্দোলন চলবে: রিজভী

9 November, 2023 10:32:30

গণতন্ত্র ফেরানোর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশব্যাপী তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বুধবার (৮ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দল যে কর্মসূচি দেবে আমাদের নেতাকর্মীরা সেই কর্মসূচি পালন করবে। আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই, এর মাঝ দিয়ে আমাদের যাওয়ার কোনো পথ নাই। নিয়ে যেতে পারে কারাগারে, আমাদেরকে নানাভাবে আঘাত করতে পারে, আমাদেরকে অত্যাচার-নির্যাতন করতে পারে। আমরা সমস্ত কিছু বরণ করে এই উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র না ফেরানো পর্যন্ত।

ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এর সদস্য সচিব আল-আমীনকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে গেছে অভিযোগ করে রিজভী বলেন, আমাদের একজন বলিষ্ট ছাত্র নেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য সচিব আল আমীনকে এখন কোথায় রেখেছে, কীভাবে আছে আমরা তা জানি না। এই পরিস্থিতি প্রতিনিয়ত প্রতিদিন শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দারা এই কাজগুলো করছে। এটি একটি সামগ্রিক নৈরাজ্য, ভীতির পরিবেশ তৈরি করা অর্থাৎ বিএনপির নেতা-কর্মীরা যাতে রাস্তায় না নামে। কিন্তু তারা (সরকার) সেটাতে ব্যর্থ হবে।

সকল ধরনের প্রতিকূলতা, সকল ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বহন করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে তারা দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্যে গণতন্ত্র ফিরে আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন ফিরে না আসে, ফিরে না আসে মানুষের অধিকার, যতক্ষণ পর্যন্ত না মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম, এই আন্দোলন অব্যাহত থাকবে।

গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শিল্প ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলরত শ্রমিকদের ওপর পুলিশ হামলায় এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণতান্ত্রিক শক্তির ওপর যেভাবে আক্রমণ করানো হচ্ছে, রক্ত ঝড়ানো হচ্ছে, তাতে সরকারের আসকারা পেয়ে আরও উৎসাহিত হচ্ছে তারা। আজকে একজন নারী শ্রমিককে কত দুঃখ নিয়ে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অবরোধ কর্মসূচিতে ৫১৫ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, ১৮টি মামলায় ১ হাজার ৯২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ১২ হাজার ৪৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও ৫৭৯ অধিক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রিজভী।

তিনি বলেন, এতো নিপীড়ন-নির্যাতন-নাশকতা সৃষ্টির মতো পরিস্থিতির মধ্য দিয়ে আজ অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে, কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়েছে। সারা দেশে কোনো দূর পাল্লার গাড়ি ছাড়েনি। যাত্রী পাওয়া যায়নি বলে গাড়ি ছাড়েনি। অর্থাৎ এই কর্মসূচিতে মানুষের জনসমর্থন রয়েছে। আজকে সন্ধ্যা-রাত্রি, আগামীকাল দিন-রাত্রিতেও অবরোধ কর্মসূচি চলবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore