Thursday 29 October, 2026

For Advertisement

দেশে কারও ফরমায়েশে নির্বাচন হবে না

24 July, 2023 11:19:26

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছে, তাদের সঙ্গেও কথা বলেছি, তাদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তারাও তত্ত্বাবধায়ক বুঝে না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তারা এখন ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে। বেসামাল এ বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে-গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।

রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে আরও বক্তৃতা করেন ফেনী-২ আসনের সংসদ-সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন শিক্ষক ও সজ্জন ব্যক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কীভাবে এত বিশ্রী ভাষায় গালি দিতে পারেন। তার মুখে এত বিষ ভাবতেও অবাক লাগে। দেখতে মনে একজন পাকা সাচ্চা ভদ্রলোক। কিন্তু কথা যখন বলেন, তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার। তিনি বলেন, ২০০৮ সালে খালেদা-ফখরুল বলেছিল, আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তারা এবং তাদের জোট পেয়েছিল ৩০ আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০ সিট পাবে। অথচ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

কাদের বলেন, নালিশ করতে করতে বিদেশিদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এ দলটি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়। তিনি আরও বলেন, একসময় এ এলাকা বিএনপির ঘাঁটি থাকলেও এখন আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ ভাঙচুর সহ্য করা হবে না। যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেওয়া হবে।

উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। এখানে অতীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এগুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এখানে শান্তি-স্থিতিশীলতা যেভাবে আছে, তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ, এ নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের আগস্ট, সেপ্টেম্বর, জুলাইয়ের বাকি কয়দিন, অক্টোবরে নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত আমাদের কর্মসূচি জাতীয় উন্নয়ন শোভাযাত্রা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore