Sunday 25 October, 2026

For Advertisement

প্রার্থী বদলাবে না আওয়ামী লীগ

28 October, 2021 12:08:33

তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত চেয়ারম্যান প্রার্থী বদল করবে না আওয়ামী লীগ। তৃণমূলের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। তৃণমূল থেকে আসা দুই শতাধিক অভিযোগ গত দুই দিন ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যাচাই-বাছাই করেন কেন্দ্রীয় নেতারা। প্রাথমিকভাবে ১৬ প্রার্থী বদল করার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে অধিকতর তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আওয়ামী লীগ মনোনীত বিতর্কিত প্রার্থীদের বদল না করায় দলটির তৃণমূলে ক্ষোভ বাড়ছে। কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে অনেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা প্রতিবাদমূলক কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন অনেকে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাত শতাধিক। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হচ্ছেন হাজারেরও বেশি। বিদ্রোহী হলে বহিষ্কারের হুঁশিয়ারিও আমলে নিচ্ছেন না অনেকে।

আরও পড়ুন:
‘রাজাকার’ অভিযোগের স্তূপ এখন আওয়ামী লীগ অফিসে: কাদের

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত অনেক প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের নেতারা কেন্দ্রে লিখিত অভিযোগ জমা দেন। তৃণমূল নেতারা দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রেই নৌকার মনোনয়ন পেয়ে গেছেন স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান, বিএনপি-জামায়াত থেকে আসা নব্য আওয়ামী লীগাররা। এছাড়া হত্যা মামলার আসামি, ভূমিদস্যু, ভিজিএফের চাল চোর, সরকারি অর্থ আত্মসাৎকারী, চাঁদাবাজি, হত্যা ও নারী নির্যাতন মামলার আসামিরাও পেয়েছেন নৌকার মনোনয়ন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন একে অপরের দিকে ‘রাজাকার’-এর তকমা লাগানোর চেষ্টা করছেন। এসব অভিযোগের স্তূপ হয়ে গেছে পার্টি অফিসে। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেল এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টিকে ‘দুর্বিষহ’ আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘যার সঙ্গে তার বনবে না, তাকে বলবে রাজাকারের ছেলে। অথবা বলবে রাজাকারের নাতি বা শান্তি কমিটির সদস্য ছিল তারা। এসব অভিযোগ করে একজন আরেক জনের প্রতিপক্ষকে (আওয়ামী লীগের এক মনোনয়নপ্রত্যাশী আরেক মনোনয়ন প্রত্যাশীকে) ঘায়েল করছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে না থাকলেও আওয়ামী লীগের যেন বিদ্রোহী প্রার্থী না থাকে সেদিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন দলের হাইকমান্ড। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ-বিক্ষোভ যা-ই থাকুক সবাইকে নৌকার পক্ষে কাজ করতেও নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। এরমধ্যে ৮৯টি ইউপিতে প্রার্থিতা উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ। প্রথম ধাপের ৮টি ও দ্বিতীয় ধাপের ৮১ ইউপিতে নৌকার কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ৮৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের অনেক নেতা

তৃণমূল নেতাকর্মীদের অনেকের অভিযোগ, বিতর্কিতরা মনোনয়ন নিশ্চিত করতে জেলা ও কেন্দ্রীয় একশ্রেণির নেতাদের ‘ম্যানেজ’ করেছেন। এ কারণে মনোনয়ন বোর্ডের কাছে সঠিক তথ্য যায়নি। কোনো কোনো ইউপিতে ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিতদের একক প্রার্থী হিসেবে তৃণমূল থেকে কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পেয়েছেন।

এদিকে আওয়ামী লীগ মনোনীত বিতর্কিত প্রার্থীদের বদল না করায় দলটির তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা প্রতিবাদমূলক কর্মসূচি পালন করছেন। নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বুধবার সন্ধ্যায় শহরে এক বিশাল মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনটি একপর্যায়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীরা বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মান্দা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মান্দা উপজেলার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন নেতাকর্মীরা।

প্রার্থী পরিবর্তন না করলে গণপদত্যাগের ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনাজ আক্তারকে পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ আয়োজন করা হয়। ২ নভেম্বরের মধ্যে প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রার্থী না দেওয়া হলে গণপদত্যাগ করার ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন খান, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, সহ-সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক এসআই ফারুক। এর মধ্যে আমির হোসেন, নুর মোহাম্মদ ও ফারুক দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore