Monday 8 June, 2026

For Advertisement

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

14 November, 2025 5:29:57

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

ইউনূস জানান, কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। আগের ১৬ বছরে ‘দুঃশাসনের’ সময় তিনটি বিকৃত নির্বাচনে বহু তরুণ ভোট দিতে না পারলেও এবার প্রায় ১০ লাখ নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। ভোটার উপস্থিতিও ব্যাপক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জুলাই সনদকে ‘এক নতুন সূচনা’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লাখো মানুষের আকাঙ্ক্ষাই এতে প্রতিফলিত হবে।

বৈঠকে নির্বাচন ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অভিবাসন নিয়ন্ত্রণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, সরকার বৈধ চ্যানেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, শিবিরের তরুণরা আশাহীন হয়ে বড় হচ্ছে এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

ঢাকা–লন্ডন বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। ইউনূস জানান, উপকূলীয় ও সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ একটি ব্রিটিশ গবেষণা জাহাজ কিনছে। বৈঠকে ব্রিটিশ মন্ত্রী আরও জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোর্শেদ এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore