Thursday 25 June, 2026

For Advertisement

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না, জাতিসংঘে ড. ইউনূস

27 September, 2025 4:58:17

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, দল-মত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম। কিন্তু গত পাঁচ দশকে সেই অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণকে বারবার তা পুনঃপ্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করতে হয়েছে।

গত বছরের ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণসমাজের নেতৃত্বেই স্বৈরাচার পরাজিত হয়েছিল। এই অভ্যুত্থান বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের নতুন পথ খুলে দিয়েছে। জনগণ সেই দায়িত্বই অন্তর্বর্তী সরকারের হাতে অর্পণ করেছেন।

রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, নির্বাহী আদেশে সংস্কার চালানো সম্ভব হলেও সরকার বেছে নিয়েছে কঠিন পথ—একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রক্রিয়া। এ লক্ষ্যে বিচার বিভাগ, শাসনব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, নারী অধিকারসহ গুরুত্বপূর্ণ খাতে ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এর ফলেই গত জুলাই মাসে সব দল একযোগে ‘জুলাই ঘোষণা’র মাধ্যমে সংস্কার কার্যক্রমে সময়বদ্ধ অঙ্গীকার করেছে।

ড. ইউনূস আশ্বাস দেন, এই অঙ্গীকারের ফলে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিশ্চয়তা থাকবে না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore