For Advertisement
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক গতকাল (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য হলেও অন্যান্য বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে।
এর ফলে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ—প্রথম দফায়ই যেটা পেরেছে ভিয়েতনাম।
নতুন কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে যে ৩৫ শতাংশ শুল্কের বিষয়ে জানিয়েছেন, সেটি বহাল থাকছে। এ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে, নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে।
খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনার সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন চৌধুরীর আজ (১২ জুলাই) ঢাকায় ফেরার কথা রয়েছে। আলোচনার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনে তারা আবারও যুক্তরাষ্ট্র যেতে পারেন।
তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।
আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন।
তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore