For Advertisement
বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির। এসময় তিনি জানান, রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া।
বুধবার কায়রোর সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির।
সাক্ষাৎকালে তিনি ড. ইউনূসকে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।’
বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি এ সহিংসত-জর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও তার সমর্থন ব্যক্ত করেছেন।
বৈঠকে ড. ইউনূস আরও বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।
এর আগে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রো পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore