Sunday 26 July, 2026

For Advertisement

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ড. ইউনূসের বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত

1 October, 2024 6:19:03

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রশাংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউসুফ এস ওয়াই রামাদান।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্যের ব্যাপক প্রশংসা করেন।

এসময় ফিলিস্তিনের জনগণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশের অব্যাহত সমর্থনের পুনরাবৃত্তি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।’

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, ‘বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী এবং এটি ফিলিস্তিনি ইস্যুতে অত্যন্ত প্রয়োজনীয় আলোকপাত তৈরি করেছে। আপনি সেখানে সঠিক কথাটি স্পষ্টভাবে বলেছেন।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ৬০ ফিলিস্তিনি চিকিৎসক এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছেন।’

গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনি জনগণকে বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা এবং যারা ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. ইউনূস বলেন, ‘বিশ্বব্যাপী উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের পরিস্থিতি কেবল আরব বা মুসলিম নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগজনক। ফিলিস্তিনের প্রতিটা মানুষের জীবন অমূল্য। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকেই বিচারের আওতায় আনতে হবে।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশ অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।’

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন ড. ইউনূস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore