Thursday 22 October, 2026

For Advertisement

রাজধানীর বারিধারার বাসা থেকে আটক দীপু মনি

19 August, 2024 10:51:08

রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আত্মীয়ের বাসা থেকে দীপু মনিকে আটক করে।

অভিযানে থাকা গোয়েন্দা পুলিশ সূত্র আওয়ামী লীগ সরকারের আলোচিত এ মন্ত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। চাঁদপুরে ও ঢাকায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

ছাত্র আন্দোলন চলাকালীন গেল ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করা হয়েছে।

গত ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১২০০ জনকে আসামি করা হয়।

২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ওই সংসদেই তিনি ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে শিক্ষামন্ত্রী হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রবল গণআন্দোলনের মধ্যে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পাশের দেশ ভারতে চলে যান পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের এমপিরাসহ দলটির নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান।

এরইমধ্যে দেশ পরিচালনায় গঠিত হয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যেই সম্প্রতি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটকের পর গ্রেপ্তার হয়েছেন। এবার আটক হলেন দীপু মনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore