Friday 4 September, 2026

For Advertisement

আজ বিশ্ব খাদ্য সম্মেলনে বিশেষ অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

24 July, 2023 11:17:35

ইউরোপের দেশ ইতালিতে কিছুদিন ধরে তীব্র গরম। এ কারণে রেড অ্যালার্টও জারি করে দেশটির সরকার। আবহাওয়ার বৈরিতা উপেক্ষা করে রাজধানী রোমের পার্কো দে প্রিন্সিপি গ্র‍্যান্ড হোটেলের সামনে আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের ভীড়। স্লোগান মুখর এই উপস্থিতিতে আশপাশের দেশ থেকেও যোগ দেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতেই এই জমায়েত।

জাতিসংঘ মহাসচিবের নিমন্ত্রণে খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে সরকার প্রধান ইতালি পৌঁছান রোববার স্থানীয় সময় দুপুর দুটোর দিকে। ফুমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইতালির সরকারের প্রতিনিধি উবের্তো ভান্নি ডি আর্চিফারি।

বিমানবন্দর থেকে প্রিন্সিপি গ্র‍্যান্ড হোটেলে যান প্রধানমন্ত্রী। প্রবেশ পথে স্বাগত জানাতে উপস্থিত নেতাকর্মীরা জানান, ইতালি-বাংলাদেশ সম্পর্ক মজবুত হবে এ সফরে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে এফএও সদরদপ্তরে ইউএন ফুড সিস্টেম সামিট প্লাস টু স্টকটেকিং মোমেন্টে যোগ দেবেন শেখ হাসিনা। এতে বিশেষ অতিথির ভাষণ দেবেন তিনি।

ইউএনএফএসএস+২ সম্মেলনটি ২৪-২৬ জুলাই রোম, ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে। ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ও ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) “‍শক্তির ক্ষেত্রে সহযোগিতা” ও “‍সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি” সই হতে পারে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ২৪ জুলাই (আজ) এফএও সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেবেন।’

ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আগামীকাল প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’-এ যোগ দেবেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। সেখানে সমঝোতা স্মারক সই হবে। এছাড়া প্রধানমন্ত্রী ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইউএনএফএসএস+২-এ যোগ দিচ্ছেন। ২৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রোম ত্যাগ করার কথা রয়েছে।

২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশন্স ফুড সিস্টেমস সামিট’-এ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ইউএনএফএসএস+২ শুরু হচ্ছে। ২০২১ ইউএন ফুড সিস্টেম সামিটে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন এবং তিনি সেখানে পাঁচ দফা সুপারিশ প্রস্তাব করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore