Thursday 29 October, 2026

For Advertisement

প্রার্থনা করুন যাতে গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

6 July, 2023 11:27:34

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে। দেশে দীর্ঘসময় ধরে গণতন্ত্র থাকায় আমরা বাংলাদেশকে একটি উন্নয়ন ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি।’

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয় কর্মকর্তাদের জন্য ফিতা কেটে নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত না থাকলে এ অর্জন সম্ভব হতো না।’ গণতন্ত্রের ধারা যে দীর্ঘ সংগ্রামের ফল, তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা একদিনে আসেনি।’

পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন কার্যালয় সম্পর্কে সংসদনেতা বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে সংসদ একটি স্মার্ট অফিস পেয়েছে। এই অফিস কাজের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে এবং সংসদ সচিবালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।’

সংসদ লাইব্রেরিকে অমূল্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য অতীতের সংসদ অধিবেশনের কার্যবিবরণী অধ্যয়নে এখানে কিছু সময় ব্যয় করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানাই। এতে কার্যবিবরণীর উদ্ধৃত করে সংসদে বক্তব্য দেওয়া যাবে।’

দেশের প্রকৃত ইতিহাস সবাইকে জানাতে সংসদে একটি আর্কাইভ স্থাপনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বখ্যাত স্থপতি লুই ইসাডোর কানের মূল নকশা (সংসদের নকশা) রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। আমরা ৪ লাখ মার্কিন ডলার ব্যয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সংসদের সম্পূর্ণ নকশা সংগ্রহ করেছি।’

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অক্টোবরের মধ্যে সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ওপর একটি আর্কাইভ নির্মাণ করা হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore