Thursday 29 October, 2026

For Advertisement

অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো: প্রধানমন্ত্রী

5 April, 2023 3:28:04

জনগণের সমর্থনই সরকারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ। অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো।’

বুধবার (৫ এপ্রিল) গণভবনে সরকারপ্রধানের কাছে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ঋণ কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার প্রথম চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ।

আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর ও সদরদপ্তরে হামলা চালানোর ঘটনায় চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সরকারপ্রধান বলেন, ‘আমি বলব, দেশের কিছু লোকের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড সেখানে চলে গিয়েছে আগুন নেভাতে। এর সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী, ভলান্টিয়ার প্রত্যেকে সকাল থেকে কাজ করে যাচ্ছে।’

‘কথা নেই বার্তা নেই, দুপুরের পর একদল লোক লাটিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো শুরু করে। যারা ফায়ার ব্রিগেডে হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজার মার্কেটে ১৯৯৫ সালে একবার আগুন লাগে। আবার ২০১৮ সালে আগুন লাগে। তারপর আমরা সেখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়। সেসময় যদি এটা স্থগিত না করত, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটত না।’

রাজধানীর কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ঈদের আগে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তাদেরকে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের কষ্ট, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। ইতোমধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore