Wednesday 28 October, 2026

For Advertisement

১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদী

10 March, 2023 10:37:00

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে ডিজেল সরবরাহের লক্ষ্যে ১৮ মার্চ যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন। তিনি বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সুখবর হলো, ভারত আমাদের ডিজেল পাঠাবে। (তেল) পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, দুই প্রধানমন্ত্রী ১৮ মার্চ (ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে) পাইপলাইনের উদ্বোধন করবেন।

গত সপ্তাহে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার এক সপ্তাহ পর মোমেনের এ ঘোষণা এলো।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে নেওয়া প্রায় ৩.৪৬ বিলিয়ন ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত ১৩০ কিলোমিটার ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের (আইবিএফপিএল) মাধ্যমে ভারত ডিজেল রপ্তানি করবে।

পাইপলাইনটি বাংলাদেশের ভূখণ্ডে ১২৫ কিলোমিটার এবং ভারতের অভ্যন্তরে ৫ কিলোমিটার প্রসারিত। দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০১৮ সালের সেপ্টেম্বরে আইবিএফপিএল-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করতো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটি বিষয় হলো- শূন্যরেখা থেকে বাংলাদেশের ভেতরে ১৫০ গজের মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো স্থাপনা নির্মাণের বিষয়ে ভারত তার আপত্তি প্রত্যাহার করেছে। এখন আমরা আমাদের প্রকল্পগুলো (সীমান্ত বরাবর) শুরু করতে পারি।

মোমেন বলেন, ঢাকা-দিল্লির চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে ভারত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলকে উচ্চ সম্মান জানিয়েছে।

সূত্র: বাসস

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore