Wednesday 24 June, 2026

For Advertisement

মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, চালক আফিজা

26 December, 2022 10:49:34

আগামী বুধবার ( ২৮ ডিসেম্বর) স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওইদিন প্রথম টিকেট কেটে মেট্রোরেলে চড়ে প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও আসবেন। ট্রেনটি সেদিন চালাবেন মরিয়ম আফিজা নামে একজন নারী চালক।

ইতিমধ্যে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত ২২ কিলোমিটারের বেশি দীর্ঘ মেট্রোরেলে প্রকল্পের প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। এর মধ্যে উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। এই অংশে থাকছে ৯টি স্টেশন। ২৯ ডিসেম্বর সকাল থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে গত বছরের ২ নভেম্বর নিয়োগ পান। ইতোমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন।

ইতিমধ্যে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে মেট্রোরেল উদ্বোধনের ভেন্যু ঠিক করা হয়েছে দিয়াবাড়ী মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই স্থান পরিবর্তন করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ২৮ ডিসেম্বর উদ্বোধন শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। টিকিট কেটে দিয়াবাড়ী থেকে উঠে আগারগাঁও স্টেশনে নামবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, প্রধানমন্ত্রীকে উদ্বোধনের দুটি স্পটের কথা জানিয়েছিলাম। তিনি খোলা মাঠে অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই হিসেবে দিয়াবাড়ী মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উদ্বোধন শেষে প্রথম ট্রেনের যাত্রী হবেন প্রধানমন্ত্রী। তিনি টিকিট কেটে উত্তরা থেকে উঠে আগারগাঁও এসে নামবেন।

এছাড়া মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলে সংবাদ সম্মেলন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে ট্রেন পরিচালনার বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেবে ডিএমটিসিএল। কোম্পানি সূত্র জানিয়েছে, সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড আগে থেকে কেনা যাবে। প্রকল্পের নথি বলছে, মেট্রোরেল দিয়ে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিলে যাওয়া যাবে।

এছাড়া মেট্রোরেলের স্টেশনে লিফট, এক্সেলেটর ও সিঁড়ি দিয়ে ওঠা যাবে। তিনতলা স্টেশন ভবনের দ্বিতীয় তলায় টিকিট কাটার ব্যবস্থা। তিন তলায় থাকবে রেললাইন ও প্ল্যাটফর্ম। শুধু টিকিটধারী ব্যক্তিরাই ওই তলায় যেতে পারবেন। মেট্রোরেলের প্রতিটি ট্রেনে থাকবে ছয়টি কোচ। এতে বসার ব্যবস্থা আছে ৫৪ জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবেন ৩০৬ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore