Thursday 19 November, 2026

For Advertisement

‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

28 March, 2022 7:39:38

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি-এর ৯ম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (২৮ মার্চ) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ‘আর্টিলারি সেন্টার ও স্কুল’-এর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারি-এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল অব দি রেজিমেন্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং রেজিমেন্ট অব আর্টিলারি-এর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী রেজিমেন্ট অব আর্টিলারি-এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন।

সেনাবাহিনী
প্যারেড পরিদর্শন করছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী রেজিমেন্ট অব আর্টিলারি-এর বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাদের।

এ সময় তিনি সেনাবাহিনীর রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে রেজিমেন্ট অব আর্টিলারি-এর সব সদস্যদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি এর অভিষিক্ত কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে আর্টিলারি সেন্টার ও স্কুল এ অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলক ‘স্মৃতি ভাস্বর’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি আর্টিলারি সেন্টার ও স্কুল সংলগ্ন ‘মুজিব ব্যাটারি সড়ক’ এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ এ যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সকল আর্টিলারি ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং রেজিমেন্ট অব আর্টিলারি এর উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

277293069_687618519034159_2
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
এ সময় সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্ট অব আর্টিলারি-এর সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও রেজিমেন্ট অব আর্টিলারি এর উধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা এবং চট্টগ্রাম এরিয়ার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি-এর ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই রেজিমেন্টের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রতিটি সদস্যের মধ্যে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore