Thursday 19 November, 2026

For Advertisement

জনগণের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্পিকার

24 March, 2022 10:49:26

দেশের জনগণের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো উন্নয়নের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় মানবাধিকার বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্পিকার।

১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটির কথা উল্লেখ করে শিরীন শারমিন বলেন, ‘বাংলাদেশের সংগ্রামই সর্বজনীন ন্যায় ও শান্তির সংগ্রামের প্রতীক। তাই স্বভাবতই বাংলাদেশ সারা বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে।’

স্পিকার বলেন, যে কোনো উন্নয়নের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ছাড়া উন্নয়ন সম্ভব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও মানবাধিকারের রয়েছে বিশেষ গুরুত্ব। আর আমরা তথা বাংলাদেশ মানবাধিকারকে যেমন সুরক্ষা দেয়, তেমনি প্রমোটও করে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সব সময়, সব অবস্থায় প্রস্তুত।

তিনি বলেন, প্রতিটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে৷ আর তার জন্মগত অধিকার কখনোই হরণ করা যাবে না৷ বিশেষ করে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া মানুষের মানবাধিকার কেউ কেড়ে নিতে পারে না। এছাড়া আমাদের সংবিধানও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন এবং মানবাধিকার সুরক্ষায় সর্বদা উদার ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও মানবাধিকার সুরক্ষাকে সবার ওপরে গুরুত্ব দেন। তাইতো রোহিঙ্গারা যখন নিজ দেশে মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তখন বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, যা মানবাধিকার রক্ষায় বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন। জনগণের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্বে মানবাধিকার, মানুষের মর্যাদা, আইনের শাসন, বৈষম্যহীনতা ও সাংবিধানিক সরকার বজায় রাখতে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান নাছিমা বেগম ও সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

নাছিমা বেগম তার বক্তব্যে বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় মানবাধিকার কমিশন দেশের সব মানুষের মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে মৌলিক মানবাধিকার উন্নয়নে বাংলাদেশের কর্মদক্ষতা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ লিঙ্গসমতায়নে দক্ষিণ এশিয়ায় পরপর সাতবার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বুধবার জাতীয় মানবাধিকারের ওই সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজ (বিআইআইএসএস)-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। সেমিনারের শেষ পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্ত্রীদের কাছ থেকে মানবাধিকার বিষয়ে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore