For Advertisement
২০ জনের নাম চূড়ান্ত, রবিবার ফের সার্চ কমিটির বৈঠক
নির্বাচন কমিশন গঠনে পঞ্চম বৈঠকে শেষ করেছে সার্চ কমিটি। বৈঠকে ২০ জনের নাম বাছাই করা হয়েছে। এখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে রবিবার পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন আজকের বৈঠক শেষে এ তথ্য জানান।
শনিবার বেলা ১১টায় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়।
সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত ছিলেন।
সর্বশেষ তালিকায় থাকা ২০ জনের নাম প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।
এর আগে গত শনিবার, রবিবার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।
এদিকে কমিটির আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সেই তালিকা বাছাই করে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় বলে কমিটি সূত্রে জানা গেছে। এ ৫০ জনের থেকেই আজ ১০ জনের নাম বাছাই করা হতে পারে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
১৪ ফেব্রুয়ারি সর্বশেষ ইসির মেয়াদ শেষ হয়েছে। দেশ স্বাধীনের পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore