Thursday 19 November, 2026

For Advertisement

সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি: সিইসি

13 February, 2022 7:37:50

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামীকাল সোমবার শেষ হচ্ছে। সার্বিকভাবে নিজেদের সফল বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আমি মনে করি আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি। ১০ তারিখ যেটা ছিল সেটার সময় হয়েছিল, সব নির্বাচন শেষ করে এবার আমরা পরিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছি।

রোববার বেলা ১১টার দিকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০১৭ সালের ৬ই ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করেন এবং তার সাথে ৪ জনকে অন্তর্ভুক্ত করে ৫ সদস্যের কমিশন নিয়োগ দেন। তারপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি তারা দায়িত্ব নেন। ৫ বছর দায়িত্ব পালনের পর আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) তাদের পূর্ণাঙ্গ মেয়াদ শেষ হচ্ছে। উক্ত সময়ে যতগুলো নির্বাচন তারা আয়োজন করেছেন তার সবগুলো পরিপূর্ণভাবে ও সফলভাবে শেষ করতে পেরেছেন বলে বিশ্বাস করেন বিদায়ী এই সিইসি।

কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে সিইসি বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কোনো রকমের কারও কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। একটা পদের জন্য নির্বাচন করেন সাতজন, পাস করে একজন। বাকি ছয়জন তো সমালোচনা করবেই। সমালোচনা হবে, ভালোমন্দ বলবে। এটা স্বাভাবিক, এদেশের কালচার অনুযায়ী স্বাভাবিক।

নির্বাচন সুষ্ঠতা নিয়ে তিনি বলেন, সব সুষ্ঠু হয়েছে তা নয়; মারামারি হয়েছে, কোথাও ব্যালট ছিনতাই হয়েছে আবার ধরা পড়েছে। নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। সুতরাং সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে তা বলা যাবে না, কিছু নির্বাচন তো এমন হয়েছেই।

সিইসি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, আপনারাই বলেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। শীতের দিনে রোদের মধ্যে নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, ৭০ শতাংশ ভোট দিচ্ছে, ইভিএমে ৭০ শতাংশ ভোট দিচ্ছে। এরচেয়ে সফল নির্বাচন আর কি হতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore