For Advertisement
দলের কাছে নাম চাইবে সার্চ কমিটি, বসবে ৬০ বিশিষ্টজনের সঙ্গে
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম চেয়ে রাজনৈতিক দলের কাছে চিঠি দেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এছাড়া বিভিন্ন পেশার বিশিষ্ট ৬০ ব্যক্তির সঙ্গে বসবে এই কমিটি।
মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে সার্চ কমিটির সব সদস্যই উপস্থিত ছিলেন।
আগামী শনি ও রবিবার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্চ কমিটি বৈঠক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ৩০ জনের নাম এসেছে বলেও জানানো হয় বৈঠক শেষে।
আগামী বৃহস্পতিবার সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর পরদিন প্রথমবারের মতো বৈঠকে বসে তারা।
নির্বাচন কমিশন গঠন করতে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই কমিটি।
যদিও ইতিমধ্যে বিএনপি ও তাদের জোটের শরিক এলডিপি সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে দলের পক্ষ থেকে নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার দলটির সভাপতিমণ্ডলীর বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য জানিয়েছেন, সার্চ কমিটিতে নাম প্রস্তাব করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর সদস্যরা প্রস্তাব করার জন্য নাম চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে দায়িত্ব দিয়েছেন।
গত শনিবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী, এর আগেই নতুন ইসি গঠন করা হবে। সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবে। সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচজনের নাম চূড়ান্ত করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore