Thursday 19 November, 2026

For Advertisement

সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করল বিআইডব্লিউটিএ

9 January, 2022 8:41:30

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চের একটি ইঞ্জিনে ত্রুটি, বিষয়টি নিয়ে আপত্তি জানালে যাত্রীদের ওপর এবং সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লঞ্চটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশালের নৌবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

নৌবন্দর কর্মকর্তা বলেন, ‘যান্ত্রিক ত্রুটি, যাত্রী এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরভী-৯ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।’

এদিকে সুরভী-৯ ল‌ঞ্চে সাংবা‌দিক‌দের ওপর হামলার ঘটনায় চ্যানেল২৪ এর চিত্রগ্রাহক রুহুল আ‌মিন ও ই‌ন্ডি‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশ‌নের চিত্রগ্রাহক দেওয়ান মোহন ল‌ঞ্চের ম্যা‌নেজার মিজানসহ অন্যান্য স্টাফদের আসামি করে ব‌রিশাল কোতয়ালী মডেল থানায় অ‌ভিযোগ দায়ের করেছেন।

দুই সাংবা‌দিকের ওপর হামলার ঘটনায় ব‌রিশাল প্রেসক্লাব, ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি, সাংবাদিক ইউনিয়ন ব‌রিশালসহ সাংবা‌দিক‌দের বি‌ভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তা‌র করে শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শনিবার দিবাগত গভীর রাতে আগুন আতঙ্কে সুরভী-৯ লঞ্চটি বরিশাল-ঢাকা নৌরুটের চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে আটকে দেয় নৌপুলিশ।

যাত্রীরা জানান, তারা লঞ্চটির ইঞ্জিন রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কোনো এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এরপরই চাঁদপুরের মোহনপুর ঘাটে লঞ্চটি আটকে দেয় পুলিশ।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় লঞ্চের ত্রুটির বিষয়টি অস্বীকার করেন স্টাফরা। যদিও বিআইডব্লিউটিএ বলছে, দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চটির একটি ইঞ্জিনে ত্রুটি রয়েছে। ফলে সুরভী-৯ যাত্রা বিরতিতে থাকবে।

সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সেই ঘটনার পর থেকেই নৌপথে লঞ্চগুলোতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore