Thursday 19 November, 2026

For Advertisement

যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনছে বাংলাদেশ

5 November, 2021 10:01:50

যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এরমধ্যে দুটি জাহাজ বাংলাদেশে তৈরি হবে এবং তিনটি যুক্তরাজ্যে।

শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে পাঁচটা জাহাজ নেব। এরমধ্যে তিনটা তারা তৈরি করবে এবং দুটি আমরা করবো। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে ড. মোমেন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

বরিসকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অন্যদের বাংলাদেশকে অনুসরণ করা উচিত।’

মোমেন বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রী আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি কীভাবে উদযাপন করবে তা নিয়েও আলোচনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়ালেস প্রিন্স চার্লসের মধ্যকার বৈঠকে যুক্তরাজ্য বাংলাদেশকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে।

মোমেন বলেন, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ উদ্বোধন করেন, যেখানে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের অনেক লাভজনক খাতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার অংশীদার হতে আমন্ত্রণ জানান।

মোমেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বে প্রবাসী বাংলাদেশিদেরও বাংলাদেশে আসার আহ্বান জানান।

‘জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠছেন’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে, কপ২৬-এ নেতৃত্বের ভূমিকা পালনের সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ফোরামে নেতৃত্বের ভূমিকা নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এর নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতৃত্ব দিয়ে কপ২৬-এর ফলাফল প্রভাবিত করার ক্ষেত্রে অন্যতম মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন।

বিবিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচজন চুক্তিকারকের অন্যতম হিসেবে অভিহিত করেছে এবং বলেছে যে শীর্ষ সম্মেলনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে এই পাঁচজন আলোচকের ওপর, যাদের ফলাফলের ওপর বড় প্রভাব রয়েছে।

ড. মোমেন বলেন, ‘আমরা অনেক আশ্বাস পেয়েছি (জলবায়ু অর্থায়ন পাওয়ার বিষয়ে)… আমি কপ২৬ এর ফলাফল সম্পর্কে খুব আশাবাদী।’

ইতিমধ্যে ৩৭টি দেশ বাংলাদেশের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের জাতীয় পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশের একটি অর্জন।

প্রতিশ্রুতি ১০০ বিলিয়ন ডলারের বার্ষিক জলবায়ু তহবিল সম্পর্কে ডা. মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী উন্নত দেশগুলো ইতিমধ্যে তহবিলের জন্য একটি লাইন-আপ তৈরি করেছে।

মন্ত্রী বলেন, বেসরকারি খাতের সহায়তায় এই তহবিল ট্রিলিয়ন ডলারও হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৮-দেশের সিভিএফ নেতাদের সংলাপের পরে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হয়েছে। কপ২৬ সাইডলাইনে অনুষ্ঠিত এ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং সিভিএফ থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ হোসেনও স্কটিশ শহরের কপ২৬ ভেন্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম লিডারস ডায়ালগ: ফোরজিং এ সিভিএফ-কপ২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক্ট’ শীর্ষক এ সংলাপে বক্তব্য দেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore